বৈদ্যুতিক যানবাহনের (ইভি) জন্য যুক্তরাষ্ট্রে নতুন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি কারখানা স্থাপন করতে যাচ্ছে জাপানভিত্তিক হোন্ডা মোটর কোম্পানি। কোরিয়ান ব্যাটারি সরবরাহকারী এলজি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে একত্রে এ কারখানা স্থাপন করা হবে। খবর রয়টার্স।

ব্যাটারি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। কঠোর নীতিমালা এবং ট্যাক্স ক্রেডিট সক্ষমতার কঠোরতার কারণে দেশটির ইভির দিকে ঝুঁকে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, সেখানে বিনিয়োগ করা হবে ৪৪০ কোটি ডলার। তবে এখনো এ প্লান্ট তৈরির জন্য কোনো স্থান নির্ধারণ করা হয়নি। নিক্কেই বিজনেস ডেইলির খবরে বলা হয়েছে, এজন্য ওহাইওকে বিবেচনা করা হচ্ছে। সেখানেই মূলত হোন্ডার মূল ফ্যাক্টরি অবস্থিত। ২০২৩ সালের শুরুর দিকে এ প্লান্ট তৈরির কাজ শুরু হবে আর উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ নাগাদ।

দেশের ভেতরেই আরো বেশি ব্যাটারি ও ইভি উৎপাদন করতে বিভিন্ন নীতিনির্ধারণ করছে যুক্তরাষ্ট্র সরকার। চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৪৩ হাজার কোটি ডলারের জলবায়ু, স্বাস্থ্য যত্ন ও কর বিল সই করেছেন। এর ফলে উত্তর আমেরিকার বাইরে অ্যাসেম্বল করা বৈদ্যুতিক যানবাহনগুলোর জন্য কোনো কর প্রযোজ্য হবে না।

সেই সঙ্গে ক্যালিফোর্নিয়াও একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, ২০৩৫ সালের মধ্যে যেসব নতুন নতুন যানবাহন এ অঙ্গরাজ্যে বিক্রি করা হবে সেগুলো হয় বৈদ্যুতিক হতে হবে অথবা প্লাগ-ইন বৈদ্যুতিক হাইব্রিড হতে হবে।

দুটি প্রতিষ্ঠানের মতে, স্থানীয়ভাবে আরো শক্তিশালী বৈদ্যুতিক যানবাহন উৎপাদন এবং সঠিক সময়ে ব্যাটারির সরবরাহ থাকলেই উত্তর আমেরিকার ইভি বাজারের দ্রুত প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সহজ হবে।