যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।
চলতি বছরের জানুয়ারিতে পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকের বেশি বাড়িয়েছে দেশটি।
মূলত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকায় জ্বালানিপণ্যটির আমদানিতে যুক্তরাষ্ট্রের প্রতি ঝুঁকেছে দক্ষিণ কোরিয়া।
খবর রয়টার্স।
জানুয়ারিতে দক্ষিণ কোরিয়া সব মিলিয়ে ১৭ লাখ ২০ হাজার টন মার্কিন জ্বালানি তেল আমদানি করেছে।
দৈনিক হিসাবে যা গড়ে ৪ লাখ ৬ হাজার ৫৫ ব্যারেল এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৩ শতাংশ বেশি।
বিশ্বের পঞ্চম শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশ দক্ষিণ কোরিয়া।
এর
আগে দেশটি সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করত ইরান থেকে।
কিন্তু ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কড়াকড়ি হওয়ায় গত বছরের মে থেকে পণ্যটি আমদানি বন্ধ করতে বাধ্য হয় দেশটি।
এর
পরিবর্তে ঝুঁকে পড়ে যুক্তরাষ্ট্রের প্রতি।
জানুয়ারিতে সৌদি আরবের পর দেশটির বাজারে দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী হয়েছে যুক্তরাষ্ট্র।









