জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব গ্রামীণ আবাসন নিশ্চিতের লক্ষ্যে উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ লক্ষ্যে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ও দি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। প্রতিযোগিতায় প্রাপ্ত নকশা থেকে মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী সেরা ১০টি আবাসন মডেল নির্বাচন করা হবে বলে পিকেএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পিকেএসএফ ভবন ১-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। এ সময় পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ ও আইএবির সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
প্রতিযোগিতায় উপকূলীয়, হাওর ও জলাভূমি, চর ও প্লাবনভূমি এবং পাহাড়ি ও বরেন্দ্র অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে নকশা আহ্বান করা হবে। এর লক্ষ্য দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার উপযোগী বাস্তবায়নযোগ্য আবাসন মডেল তৈরি করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে পিকেএসএফের বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট (আরএইচএল) প্রকল্পের আওতায় এরই মধ্যে উপকূলীয় সাত জেলায় সাড়ে তিন হাজারের বেশি জলবায়ু সহনশীল বাড়ি নির্মাণ করা হয়েছে। নতুন এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন ও সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আরো কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।










