ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভারের বিক্রি বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২ শতাংশ। পণ্যের চাহিদা বৃদ্ধি ও দাম বাড়ানোর ফলে কাঁচামালের উচ্চ ব্যয়ের চাপ সামাল দেয়া সম্ভব হয়েছে বলে জানায় বহুজাতিক প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স
ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফার্নান্দো ফার্নান্দেজ গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘উদীয়মান বাজারগুলোয় প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে আমাদের কোম্পানি। বিশেষ করে ভারত, লাতিন আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার থেকে ভালো সাড়া এসেছে। তবে উন্নত দেশগুলোর বাজারে আগের বছরের তুলনায় কঠিন পরিস্থিতি ও খাদ্যপণ্যের ব্যবসায় কিছুটা দুর্বলতা দেখা গেছে।’
ডাভ সাবান ও হেলম্যানস মেয়োনিজের মতো পরিচিত ব্র্যান্ডের মালিক ইউনিলিভার ব্যবসা পুনর্গঠনে বেশি গুরুত্ব দিচ্ছে সৌন্দর্যচর্চা ও ব্যক্তিগত পরিচর্যাপণ্যে। গত বছর প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়ার পর ফার্নান্দো ফার্নান্দেজ এ কৌশল বাস্তবায়নে কাজ করছেন। এছাড়া ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি পণ্যের দামও বাড়িয়েছে।
এদিকে ২০২৬ সালের বিক্রি ও মুনাফা নিয়ে আগের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে ইউনিলিভার। বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির বিক্রি প্রায় ৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।










