ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সম্প্রতি ইনস্টিটিউটের ১৯তম কাউন্সিলের প্রথম সভায় মো. কাওসার আলম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট কাওসার আলম বর্তমানে সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের গ্রুপ প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনতা ব্যাংক পিএলসির পরিচালক। সামাজিক উন্নয়নমূলক সংস্থা আর্ক ফাউন্ডেশনের সম্মানসূচক পরিচালক হিসেবেও কাজ করছেন।
এর আগে তিনি এই ইনস্টিটিউটে ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউটের ফেলো সদস্য। পাশাপাশি ইংল্যান্ড থেকে হিসাববিদ্যায় পেশাগত সনদ অর্জন করেছেন।
একই সভায় দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তারা হলেন আব্দুল মতিন পাটোয়ারী ও এস. এম. জাহির উদ্দিন হায়দার। মনজুর মো. সাইফুল আজম সেক্রেটারি এবং অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী বর্তমানে রিভাজুর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে তিনি ২০২৫ সালে ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে ট্রেজারার ছিলেন।
দেশ ও বিদেশের সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানে তার ৩২ বছরের বেশি সময়ের জ্যেষ্ঠ নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে প্রধান আর্থিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বিএএসএফ বাংলাদেশ লিমিটেডে অর্থ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়ায় বিএএসএফ এশিয়া প্যাসিফিক শেয়ার্ড সার্ভিস সেন্টারে আঞ্চলিক দায়িত্ব পালন করেন।
তিনি আইডিয়াল স্কুল, নটর ডেম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। পুঁজিবাজার, অর্থব্যবস্থা, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবসায়িক ব্যবস্থা ও করপোরেট সুশাসনে তার দক্ষতা স্বীকৃত। বাংলাদেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি একাধিক বোর্ড ও ট্রাস্টি পদে দায়িত্ব পালন করেছেন।
অপর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহির উদ্দিন হায়দার বর্তমানে হোসাফ গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড নিরীক্ষা কমিটির চেয়ারম্যান।
নবনির্বাচিত সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম বর্তমানে সিসমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
ট্রেজারার অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
—বিজ্ঞপ্তি









