ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিটদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১১ দশমিক ১১ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে ফান্ডটির লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৫ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০ ডিসেম্বর ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিটদর ছিল ১৪ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটদর ছিল ১২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে ফান্ডটির ইউনিটদর ১১ টাকা থেকে ২৮ টাকা ১০ পয়সায় ওঠানামা করেছে। 

গত ১৭ অক্টোবর এ ক্যাটাগরিতে ফান্ডটির ইউনিট লেনদেন শুরু হয়। গত সপ্তাহে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ০৩ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৭ পয়সা। 

ফান্ডটির পরিশোধিত মূলধন ১৫৫ কোটি ৬৮ লাখ টাকা। এর ইউনিট সংখ্যা ১৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে পরিচালকের কাছে রয়েছে ৬৪ দশমিক ২৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১ দশমিক ১৮ ও ১৪ দশমিক ৫৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। 

উল্লেখ্য, ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন (ইএস) শুরু হয় গত ২৪ সেপ্টেম্বর। চলে ১ অক্টোবর পর্যন্ত। গত ১৪ আগস্ট ‘‌ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০০ কোটি টাকা।