চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন
দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জের ধরে তৈরি হওয়া অর্থনৈতিক শ্লথতা
আন্তর্জাতিক বাজারে তামার চাহিদা ও বেচাকেনায় মন্দা ভাবের জন্ম দিয়েছে। এ
পরিস্থিতিতে ব্যবহারিক ধাতুটির দাম অনেকটাই কমে গেছে। তবে দ্রুত বাজারে ভারসাম্য
ফিরবে। তামার দাম বাড়বে। এমনটাই মনে করছেন চিলির খনিমন্ত্রী বলদো প্রোকুরিকা। খবর
রয়টার্স।
চিলি বিশ্বের শীর্ষ তামা উত্তোলনকারী
দেশ। অন্যদিকে চীন ব্যবহারিক ধাতুটির শীর্ষ ভোক্তা ও আমদানিকারক। তাই এ দুটি দেশে
অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে,
প্রভাব পড়ে তামার বাজারে। চীন থেকেই নভেল
করোনাভাইরাসের বিস্তারের সূচনা। প্রাণঘাতী এ ভাইরাস চীনের পাশাপাশি বৈশ্বিক
অর্থনীতিকে শ্লথ করেছে।
চিলির খনিমন্ত্রী বলেন, নভেল
করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। বৈশ্বিক
অর্থনৈতিক শ্লথতা দীর্ঘমেয়াদে বজায় থাকবে না বলে আশা করা হচ্ছে। ফলে তামার চাহিদা
ও বেচাকেনা বেড়ে দামও বর্তমানের তুলনায় বাড়তে পারে।
এদিকে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ
কার্যদিবসে প্রতি টন তামা ৫ হাজার ৬৬৩ ডলারে বিক্রি হয়েছে। ১০ দিন আগেও ব্যবহারিক
ধাতুটির দাম টনপ্রতি ৫ হাজার ৮০০ ডলারের উপরে ছিল।









