দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় নভোএয়ারে ভ্রমণ করা যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এসব সুবিধা নেয়া যাবে। এ কর্মসূচির অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য নতুন সেবা চালুর চেষ্টা করছে নভোএয়ার। বোর্ডিং পাস প্রিভিলেজ কর্মসূচির মাধ্যমে ভ্রমণ শেষ হওয়ার পরও যাত্রীরা যেন বিশেষ সুবিধা পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান বাড়াতে আন্তর্জাতিক মানের নতুন উদ্যোগ চালু রাখবে প্রতিষ্ঠানটি।

নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকে দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন নতুন সেবা চালু করেছে। এর আগে দেশের প্রথম ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার কর্মসূচি, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। নতুন বোর্ডিং পাস প্রিভিলেজ কর্মসূচির মাধ্যমে অংশীদার ব্র্যান্ডগুলোর কাছ থেকে যাত্রীরা আরো বেশি সুবিধা নিতে পারবেন।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.flynovoair.com থেকে। এ ছাড়া ১৩৬০৩ নম্বরে ফোন করেও তথ্য পাওয়া যাবে।

—বিজ্ঞপ্তি