রাশিয়া ড্রুশবা পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের জ্বালানি তেল পরিশোধন কোম্পানি অরলিনের প্রধান নির্বাহী কর্মকর্তা শনিবার এমনটা জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার প্রতিক্রিয়ায় মস্কো সরবরাহ বন্ধ করেছে। এ পরিস্থিতিতে পোল্যান্ড অন্য উৎস থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন অরলিনের সিইও। খবর রয়টার্স।

ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। গত শুক্রবার জার্মানির তৈরি এ ট্যাংক ইউক্রেনে পৌঁছয়। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে স্পষ্টভাবে ইউক্রেনের পক্ষাবলম্বনের বার্তা দিল পোল্যান্ড।

ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে দিয়েছে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়। এর আগে গত বছরের ডিসেম্বরে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু ড্রুশবা পাইপলাইন দিয়ে সরবরাহ এ নিষেধাজ্ঞার আওতায় ছিল না।

অরলিনের নির্বাহী প্রধান তার টুইটার হ্যান্ডলে দেয়া এক পোস্টে বলেন, ‘‌রাশিয়া পোল্যান্ডে সরবরাহ বন্ধ করে দিয়েছে। আমরা এ পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। মোট আমদানির মাত্র ১০ শতাংশ তেল রাশিয়া থেকে আসত। আমরা অন্য উৎস থেকে এ ঘাটতি পূরণ করে নিতে সক্ষম হব।’ অরলিন জানায়, রাশিয়া সরবরাহ বন্ধ করে দেয়ায় দেশটির জ্বালানি তেল খাতে নেতিবাচক প্রভাব পড়বে না।

রাশিয়ার রোজনেফটের সঙ্গে অরলিনের করা একটি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে রুশ জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি টেটননেফটের কাছ থেকে জ্বালানি তেল সরবরাহ করছে।

চেক রিপাবলিকে দুটি পরিশোধন কেন্দ্র পরিচালনা করে অরলিন। ড্রুশবা পাইপলাইনের দক্ষিণাঞ্চলীয় শাখার মাধ্যমে সেখানে পরিকল্পনামাফিকই সরবরাহ চলছে।

এদিকে পাইপলাইনের মাধ্যমে কিনলেও গত বছরের ডিসেম্বরে সমুদ্রপথে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয় অরলিন। ইউরোপীয় ইউনিয়নের দেয়া নিষেধাজ্ঞার আওতায় আমদানি বন্ধ করা হয়েছে।

অরলিন জানায়, বর্তমানে কোম্পানিটি পশ্চিম আফ্রিকা, ভূমধ্যসাগরীয় দেশ ও মেক্সিকো উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করবে কোম্পানিটি। এছাড়া গত বছর সৌদি অ্যারামকোর সঙ্গেও সরবরাহ চুক্তি করেছে অরলিন।

পোল্যান্ড বাল্টিক সাগরের উপকূলীয় শহর গদানস্কের নেফটপোর্ট টার্মিনালের মধ্য দিয়ে সমুদ্রপথে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। টার্মিনালটি দিয়ে বছরে ৩ কোটি ৬০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আনা যায়।