বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সম্মিলিত পরিষদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরা ক্লাবে সম্মিলিত পরিষদের উদ্যোগে ‘টেকসই পোশাক শিল্প বিনির্মাণে সম্মিলিত পরিষদ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং টেকসই পোশাক শিল্প বিনির্মাণকে প্রাধান্য দিয়ে সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার তৈরি বিষয়ে নেতারা মতবিনিময় করেন।

আলোচনা সভা সভাপতিত্ব করেন সম্মিলিত পরিষদের ২০২৪ -২০২৬ নির্বাচনের প্রধান সমন্বয়কারী মো. সিদ্দিকুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সম্মিলিত পরিষদ আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইএর পরিচালক খশরু চৌধুরী,বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামসহ অনেকে।