সাশ্রয়ী আবাসনে অর্থায়নের জন্য ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ডটি রূপান্তরযোগ্য নয় এবং অবসায়নযোগ্য। এর কুপন রেট নির্ধারিত। বন্ডটির মেয়াদ পাঁচ বছর। বন্ডটির বিনিয়োগকারী হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), যা প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে। 

উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের মধ্যম ও নিম্ন-মধ্যম আয়ের লোকদের গৃহনির্মাণ সহায়তা প্রদান করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ওই বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি (আয়) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৩৯ পয়সায়। 

ডিবিএইচ সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ১৫ পয়সায়। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।