রাজধানীতে ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশন (ডিটিজি)। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী চলবে চারদিন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের এ বৃহত্তম প্রদর্শনীটি ২০০৪ সাল থেকে ঢাকায় আয়োজন করে আসছে।
আয়োজকদের মতে, এবার মেলায় ৩২টি দেশের ১ হাজার ১০০টিরও বেশি মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি অংশগ্রহণ করতে যাচ্ছে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। উদ্ভাবনী যন্ত্রপাতি এবং প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পরিচয় করানোই এ মেলার মূল লক্ষ্য।
প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস খাতসংশ্লিষ্টরা স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি ও সেলাইয়ের সর্বশেষ প্রযুক্তি এবং উন্নতমানের যন্ত্রপাতি সম্পর্কে জানার পাশাপাশি কিনতেও পারবেন। —বিজ্ঞপ্তি









