নভেল  করোনাভাইরাসের মহামারীর কারণে চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) চীনের বিরল মৃত্তিকা রফতানি ব্যাপক হারে কমে গিয়েছিল। তবে পরের মাসেই দেশটি থেকে পণ্যটির রফতানি ফের বেড়েছে। চীনের সরকারি সূত্র জানিয়েছে, মার্চে দেশটির বিরল মৃত্তিকা রফতানি আগের বছরের তুলনায় ১৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, মার্চে দেশটি থেকে ৫ হাজার ৫৫১ টন বিরল মৃত্তিকা রফতানি হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪ হাজার ৬৫৯ টন বেশি। এমনকি চলতি বছরের প্রথম দুই মাসের সম্মিলিত রফতানির তুলনায় এটা বেশি। একই সঙ্গে এটি ২০১৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ মাসভিত্তিক রফতানি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীন সব মিলিয়ে ১১ হাজার ৪০ টন বিরল মৃত্তিকা রফতানি করেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ২ দশমিক ৬ শতাংশ কম। মূলত নভেল করোনাভাইরাসের জেরে বছরের প্রথম দুই মাসের মন্দা রফতানি এক্ষেত্রে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে।