যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়তির দিকে ছিল। বাড়তে বাড়তে বুধবার দিন শেষে জ্বালানি পণ্যটির দাম নয় সপ্তাহের সর্বোচ্চে উঠেছিল। তবে একদিনের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম ৬ শতাংশের বেশি কমে এসেছে। মূলত প্রত্যাশার তুলনায় বাড়তি মজুদের খবর প্রকাশের পর জ্বালানি পণ্যটির দামে এ পতন দেখা গেছে। খবর রয়টার্স ও ব্লুমবার্গ।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে এদিন মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (২৭ দশমিক শূন্য ৯৬ ঘনমিটার) প্রাকৃতিক গ্যাস বিক্রি হয় ১ ডলার ৮১ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১২ দশমিক ৪ সেন্ট কম। একদিনের ব্যবধানে জ্বালানি পণ্যটির দাম কমেছে ৬ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) একটি প্রতিবেদন প্রকাশিত হলে প্রাকৃতিক গ্যাসের দরপতন দেখা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংরক্ষণাগারগুলোয় সব মিলিয়ে ৪ হাজার ৩০০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ করা হয়েছে, যা প্রত্যাশার তুলনায় বেশি। এ সময়ের মধ্যে দেশটিতে ৩ হাজার ৯০০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদের আশা করা হয়েছিল। মূলত প্রত্যাশার তুলনায় বাড়তি মজুদ যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি পণ্যটির দাম রেকর্ড অবস্থান থেকে কমিয়ে দিয়েছে।

নভেল করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন দীর্ঘদিন চলমান থাকলে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দামে মন্দা ভাব বজায় থাকার জোরালো সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।