প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের আয় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২৪ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এসএস স্টিলের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ লাখ ২৭ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২১ টাকা ৫৬ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এসএস স্টিল লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৮৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৩১ ডিসেম্বর বেলা ২টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৫ ডিসেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল এসএস স্টিলের পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এসএস স্টিলের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩১ পয়সা।









