হাইড্রোজেন ফুয়েল সেলের যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাজ্যের পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান জনসন ম্যাথে। এ পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ডলার। বিশেষায়িত এ কারখানাকে বলা হচ্ছে গিগা ফ্যাক্টরি। খবর দ্য গার্ডিয়ান।
এক বিবৃতিতে জনসন ম্যাথে জানিয়েছে, রয়স্টন এলাকায় এ কারখানা স্থাপন করা হবে। যেখানে প্রতি বছর ৩ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রোটন বিনিময়ে সক্ষম মেমব্রেন ফুয়েল সেলের যন্ত্রাংশ উৎপাদন করা যাবে। এসব সেল পলিমার ইলেকট্রোলাইট মেমব্রেন ফুয়েল (পিইএম) সেল হিসেবেও পরিচিত। অটোমোবাইল শিল্পে এ পিইএম ফুয়েল বাতাস থেকে অক্সিজেন নিয়ে হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এ ধরনের ফুয়েল সেল তৈরি হয়।
জনসন ম্যাথের পরিকল্পনা হলো, গিগা ফ্যাক্টরিতে তৈরি যন্ত্রাংশগুলো হাইড্রোজেনচালিত যানবাহনে ব্যবহূত হবে, বিশেষ করে মালবাহী ভারী যানগুলোয়। এর আগে ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির এ পরিকল্পনার কথা প্রকাশিত হয়।
প্রতিষ্ঠানটির এ পরিকল্পনাকে সমর্থন করছে যুক্তরাজ্য সরকার। সরকারের অ্যাডভান্স প্রপালশন সেন্টারের অটোমোটিভ ট্রান্সফরমেশন তহবিল থেকে অর্থায়ন করা হচ্ছে। এ তহবিল মূলত বড় পরিসরের শিল্পায়নের ক্ষেত্রে ব্যবহূত হয়।
ফুয়েল সেল ব্যবহারের ধারণাটা এসেছিল এভাবে যে ট্যাঙ্কে থাকা হাইড্রোজেন বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে বিদ্যুত্শক্তি উত্পন্ন করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের অল্টারনেটিভ ফুয়েল ডাটা সেন্টারের তথ্য অনুযায়ী, ফুয়েল সেলচালিত যানবাহনগুলো কেবল পানির বাষ্প ও উষ্ণ বাতাস নিঃসরণ ঘটায়।









