পামঅয়েল উৎপাদনকারী ইন্দোনেশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাস্ট্রা এগ্রো লেস্টারির সঙ্গে সম্পর্ক স্থগিত করছে পেপসিকো। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো পামঅয়েল না নেয়ার জন্য সরবরাহকারীদের নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
কোম্পানিটির দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের জেরে এমন ঘোষণা দিল পানীয় ও খাদ্য প্রস্তুতকারী মার্কিন কোম্পানি। একই ঘোষণা দিয়েছে ডাচ ডেইরি প্রতিষ্ঠান ফ্রিজল্যান্ডক্যাম্পিনা।
বিশ্বব্যাপী ভোক্তারা ক্রমেই জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন হয়ে উঠছেন। ফলে বিনিয়োগ করার আগে পরিবেশ ও সমাজের ওপর প্রভাব বিবেচনা করছেন বিনিয়োগকারীরা। সেদিকে লক্ষ রেখেই প্রণীত হচ্ছে নীতিমালা। ফলে সংকুচিত হচ্ছে অ্যাস্ট্রা এগ্রো লেস্টারির বাণিজ্যিক সরবরাহ। কাঁচামাল হিসেবে পামঅয়েল ব্যবহৃত হয়, এমন কিছু কোম্পানি সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে অ্যাস্ট্রা এগ্রো লেস্টারির সঙ্গে। তাদের মধ্যে নেসলে ও প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল কোম্পানির মতো বৃহৎ প্রতিষ্ঠানও রয়েছে।









