শ্রমিকের ঘাটতি কাটাতে বছরে অভিবাসী গ্রহণের সংখ্যা বাড়াবে অস্ট্রেলিয়া। নতুন পদক্ষেপ অনুসারে, দেশটিতে বছরে বাড়তি আরো ৩৫ হাজার স্থায়ী অভিবাসী প্রবেশ করতে পারবে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

অভিবাসীদের সংখ্যা বাড়ায় নার্স, ইঞ্জিনিয়ার ও কৃষি কর্মীদের অস্ট্রেলিয়ার সংকটাপন্ন ব্যবসায় অংশগ্রহণ সহজ হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল গতকাল ক্যানবেরায় দেশটির জবস অ্যান্ড স্কিল সামিটে এ তথ্য তুলে ধরেন। এর আগে অস্ট্রেলিয়ায় বছরে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার জন অভিবাসী প্রবেশ করতে পারতেন।

তিনি আরো বলেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার অস্ট্রেলীয়দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। তবে কভিড-১৯-এর প্রভাব আরো তীব্র হচ্ছে। আমরা যদি অন্য সম্ভাবনাও হারিয়ে ফেলি তাহলে আমাদের অনেক শ্রমিকস্বল্পতা থাকবে। বিশেষ করে স্বল্পমেয়াদে।

২০২০ সালে কভিড-১৯ সংক্রান্ত লকডাউনের আগে প্রায় চার লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ২ লাখ ৫০ হাজার বিদেশী অস্ট্রেলিয়ায় কর্মরত ছিলেন। বিশেষ করে হোটেল ও রেস্টুরেন্টে। দেশটি মহামারীর কারণে সীমান্ত বন্ধ এবং অস্থায়ী বাসিন্দাদের চলে যেতে বলার কারণে শ্রম ঘাটতির পরিস্থিতি খারাপ হতে শুরু করে।