আধুনিকায়নের মাধ্যমে ৯৯ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা করছে ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ ক্রিপ্টোকারেন্সি আগামী মাসের মধ্যেই এ বিষয়ে পরিকল্পনা সম্পন্ন করবে। প্লাটফর্মটিকে নিয়ন্ত্রণ করা ফাউন্ডেশন এমন তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ান।

‘দি মার্জ’ নামের এ প্রকল্পের ফলে এথেরিয়াম ক্রিপ্টো লেনদেন করার প্রযুক্তিতে পরিবর্তন আনবে। তার বদলে একটি নতুন প্রক্রিয়া নিয়ে আসবে যেটা নিয়ন্ত্রণ করতে কিছুটা কম জ্বালানি প্রয়োজন হবে। মার্জ প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর ভার্চুয়াল মুদ্রার মাইনারদের ভূমিকা শেষ হবে ইথেরিয়াম ইকোসিস্টেমে। ফলে ব্যাপকহারে কমে যাবে বিদ্যুতের ব্যবহার। 

ডিজিনোমিস্ট ওয়েবসাইট পরিচালনা করা ডাচ ইকোনমিস্ট অ্যালেক্স ডি রাইস বলেন, ইথেরিয়াম মাইনিংয়ের কারণে বছরে ৭২ টেরাওয়াট ঘণ্টা জ্বালানি খরচ হয়। বার্ষিক একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে কলম্বিয়া, সেই সঙ্গে সেখানে সুইজারল্যান্ডের সমান কার্বন নিঃসরণও হয়।

নতুন পরিবর্তনের কারণে ক্রিপ্টোকারেন্সি ‘প্রুফ অব ওয়ার্ক’ পদ্ধতি থেকে সরে যাবে। তার বদলে এখন থেকে ‘প্রুফ অব স্টেক’ পদ্ধতি ব্যবহূত হবে। ফলে পুরো নেটওয়ার্ক ব্যবহারকারীদের দ্বারাই নিরাপদ থাকবে।