চলতি বছরের প্রথমার্ধে রেকর্ডসংখ্যক নতুন সদস্যপদ বেড়েছে দুবাই চেম্বার অব কমার্সের। এ প্রতিষ্ঠানটি দুবাই চেম্বারের অধীনে পরিচালিত তিনটি চেম্বারের একটি। জানুয়ারি-জুন সময়ে প্রতিষ্ঠানটিতে ২১ হাজারেরও বেশি প্রতিষ্ঠান যোগদান করেছে। এ নিয়ে চেম্বারের মোট সদস্য সংখ্যা ৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। খবর এমিরেটস নিউজ এজেন্সি।

বছরের প্রথম ছয় মাসে চেম্বারটির নতুন সদস্য গত বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বেড়েছে। চেম্বার দুবাইয়ের ব্যবসায়ী সম্প্রদায়কে সহায়তা এবং নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করে।

দুবাই চেম্বারের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট হামাদ বুয়ামিম বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান চেম্বারের নেতৃত্বাধীন নতুন ব্যবসার ইতিবাচক প্রবণতা প্রতিফলিত করে। ব্যবসা সহজে উন্নীত করার পরিকল্পনা দুবাইয়ের বৈদেশিক বাণিজ্যকে বাড়িয়ে তুলতে সহায়তা করছে। প্রথমার্ধে রেকর্ড পারফরম্যান্সের পর আমাদের ইতিবাচক গতি অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। আমাদের নতুন ও মোট সদস্য যথাক্রমে ৪০ হাজার এবং ৩ লাখ ৩০ হাজারে উন্নীত হবে।

দুবাই চেম্বার এবং এর অধীনে পরিচালিত তিনটি চেম্বার বিবেচনা করলে এটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা মনে হতে পারে। তবে এটি অর্জনযোগ্য। আমাদের কাঠামো আগামী ছয় মাসে বেশ কয়েকটি বড় উদ্যোগ নিয়ে আসছে। বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত আরব আমিরাতে আকর্ষণের লক্ষ্যে এ কাঠামো ডিজাইন করা হয়েছে।