জুনে দুবাইয়ের জ্বালানি তেলবহির্ভূত খাতে তিন বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড হয়েছে। মূল্যস্ফীতির চাপ থাকা সত্ত্বেও শহরটিতে পর্যটকদের উচ্চভ্রমণ চাহিদা ও নির্মাণ খাতের কার্যক্রম বাড়ায় এ প্রবৃদ্ধি হয়েছে। খবর আরব নিউজ।

জুনে দুবাইয়ের এসঅ্যান্ডপি গ্লোবাল ইউএই পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫৬ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। যেখানে মে মাসে এ হার ছিল ৫৫ দশমিক ৭ পয়েন্টে। এ হার ২০১৯ সালের জুনের পরে সর্বোচ্চ।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেনসের অর্থনীতিবিদ ডেভিড ওয়েন বলেন, নতুন নতুন ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে দুবাই পিএমআই জুনে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছিল। পাশাপাশি শহরটিতে উচ্চভ্রমণ চাহিদা বিক্রি বাড়াতে সহায়তা করেছে এবং নির্মাণ খাতে নতুন কাজের সংখ্যাও বেড়েছে।

চলতি বছরের মাঝামাঝি দুবাইয়ে নতুন ব্যবসার সংখ্যা বেড়েছে। ২০১৯ সালের জুলাইয়ের চেয়েও এ সংখ্যা দ্রুতগতিতে বেড়েছে। ক্লায়েন্টদের চাহিদা পুনরুদ্ধার এবং ব্যবসার প্রচারমূলক কাজের পরিমাণ বৃদ্ধি পাওয়া উভয়ই জুনে বিক্রি বাড়িয়েছে। দুবাইয়ের ব্যবসায়িক সমীক্ষায় বলা হয়েছে, মে মাসে উৎপাদন কিছুটা শিথিল হওয়া সত্ত্বেও জুনে নির্মাণ খাতে কাজের সংখ্যা বাড়ায় উৎপাদনও ঊর্ধ্বমুখী হয়েছে। জুনের এ উৎপাদন বৃদ্ধির হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ। তবে ভ্রমণ ও পর্যটন খাতই আমিরাতের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে রয়ে গিয়েছে।

ব্যবসায়িক সমীক্ষায় আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র দুবাইয়ের পর্যটন সম্পর্কিত ব্যবসায়িক কার্যক্রম উল্লেখযোগ্য বেড়েছে। বিশ্বব্যাপী ভ্রমণে নিষেধাজ্ঞা আগের চেয়ে সহজ হওয়ায় এমনটা হয়েছে। গত বছর কভিড-১৯ মহামারীর কারণে দুবাইয়ের অর্থনীতি কিছুটা ধীর হলেও চলতি বছর তা পুনরুদ্ধার করতে পেরেছে। ভ্রমণ ও পর্যটন এবং আবাসন খাতে দ্রুত উন্নতি শহরটির প্রবৃদ্ধি বাড়িয়েছে।

দুবাই পরিসংখ্যান কেন্দ্রের প্রাথমিক তথ্যানুসারে, ২০২১ সালে দুবাইয়ের অর্থনীতি ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে দুবাইয়ের মোট দেশজ উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। আতিথেয়তা এবং পরিবহন ও সংরক্ষণ খাত এ তিন মাসে আমিরাতের অর্থনীতির দ্রুতবর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম ছিল। এ সময়ে খাত দুটির প্রবৃদ্ধি যথাক্রমে ৪৭ ও ৪০ শতাংশ।

আমিরাতের অর্থনীতি ও পর্যটন বিভাগ অনুসারে, ২০২২ সালে প্রথম পাঁচ মাসে দুবাইয়ে ভ্রমণ করেছেন ৬০ লাখ ১৭ হাজার বিদেশী পর্যটক। এ সংখ্যা গত বছরের একই সময়ে রেকর্ড করা ২০ লাখের তিন গুণ। শহরটিতে কভিডজনিত বিধিনিষেধ শিথিল করায় এবং সরকারি উদ্যোগ পর্যটক বাড়াতে অবদান রেখেছে।