যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের তিনটি কারখানায় আগামী মাসে বোয়িংয়ের প্রায় ২ হাজার ৫০০ কর্মী আন্দোলনের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি বাতিলের পক্ষে ভোট দিয়েছিলেন শ্রমিকরা। এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বোয়িংয়ের কর্মীরা। খবর এপি।
আগামী মাসের ১ তারিখেই আন্দোলনে নামার পরিকল্পনা করছেন বোয়িংয়ের কর্মীরা। সেন্ট চার্লস কাউন্টি, সেন্ট লুইস কাউন্টি ও ইলিনয়ের ম্যাসকোটাহয়ে বোয়িংয়ের উৎপাদন কারখানায় আন্দোলনটি হবে। শ্রমিকদের ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, অন্যায্য কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়। প্রতি বছর আমাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠান কোটি কোটি ডলার আয় করে।
এদিকে বোয়িংয়ের এক বিবৃতিতে বলা হয়, ভোটের ফলে অসন্তুষ্ট প্রতিষ্ঠানটি। বোয়িংয়ের এক মুখপাত্র জানান, বোয়িংয়ের চুক্তির মধ্যে ছিল বেতন বৃদ্ধি ও অবসরের একটি পরিকল্পনা।
তবে বোয়িংয়ের এ আমন্ত্রণে সাড়া দেননি কর্মীরা। বরং চুক্তি বাতিলের জন্য ভোট দেন তারা।
চলতি সপ্তাহেই আর্থিক অবস্থার আপডেট জানাবে বোয়িং। বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) ফলাফল প্রকাশ করবে সংস্থাটি। সম্প্রতি ১০০টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ক্রয়াদেশ দেয় ডেল্টা এয়ারলাইনস। এর আগে বছরের প্রথম প্রান্তিকে ১২০ কোটি ডলার লোকসান করেছিল মার্কিন উড়োজাহাজ নির্মাতা।









