সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ প্রত্যাশার তুলনায় কমতির দিকে রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।
এতে গত বৃহস্পতিবার দেশটির বাজারে পণ্যটির দাম বেড়ে এক মাসের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে যায়।
তবে এর পরের দিনই জ্বালানি তেলের দাম ফের পতনের মুখে পড়েছে।
খবর রয়টার্স।
মহামারী নভেল করোনাভাইরাসের প্রকোপ এখন আর চীনেই সীমাবদ্ধ নেই।
প্রতিদিন নতুন নতুন দেশে হানা দিচ্ছে প্রাণঘাতী ভাইরাসটি।
এতে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা হ্রাসের সম্ভাবনা জোরালো হচ্ছে, যা পণ্যটির বাজার চাঙ্গা হয়ে উঠতে দিচ্ছে না।
যদিও এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হ্রাসে মরিয়া হয়ে উঠেছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)।
যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৫ শতাংশ বা ২৮ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৫৯ ডলার শূন্য ৩ সেন্টে নেমেছে।
একই পরিমাণ কমে এদিন যুক্তরাষ্ট্রের বাজারে আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৫৩ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।
আগের দিন ব্রেন্টের দাম ছিল ৫৯ ডলার ৩১ সেন্ট ও ডব্লিউটিআইয়ের ছিল ৫৩ ডলার ৭৮ সেন্ট।









