যুক্তরাষ্ট্রে ১৬টি দোকান বন্ধের ঘোষণা দিয়েছে স্টারবাক্স। নিরাপত্তাজনিত কারণে দোকানগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কফি জায়ান্টটি। খবর এপি।
ঘোষণা অনুযায়ী, সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে ছয়টি করে, পোর্টল্যান্ডে দুটি এবং ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনে একটি করে দোকান বন্ধ করবে স্টারবাক্স। প্রতিষ্ঠানটি জানায়, স্টারবাক্সের অন্য কোনো দোকানে কাজের সুযোগ দেয়া হবে ওই দোকানগুলোর কর্মীকে।
সম্প্রতি স্টারবাক্স জানায়, কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে কর্মীদের একটি পত্র দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। স্টারবাক্সের অপারেশনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেবি স্ট্রাউড ও ডেনিস নেলসন জানান, মাদক ব্যবহার ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থেকে দোকানগুলো মুক্ত নয়। আমরা জানি, এ চ্যালেঞ্জগুলো আমাদের দোকানেও হতে পারে।
এদিকে প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেক কর্মী। তারা জানান, এ সিদ্ধান্ত নেয়ার আগে কর্মীদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি।
স্টারবাক্স জানিয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি দোকানের রেস্টরুমও বন্ধ করা হতে পারে। অথচ ২০১৮ সালে স্টারবাক্স জানিয়েছিল, যে কেউই দোকানের রেস্টরুম ব্যবহার করতে পারেন, এমনকি কোনো কেনাকাটা না করলেও।









