করোনা সংক্রমণের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে লকডাউন ঘোষণা করেছে চীন সরকার। এ কারণে গত সোমবার থেকে বন্ধ রয়েছে ওই শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক সামগ্রীর মার্কেট। খবর সিএনএন।

এক প্রতিবেদনে বলা হয়, শহরটিতে অল্প সংখ্যক কভিড রোগী শনাক্ত হওয়ার পর আশপাশের এলাকাজুড়ে লকডাউন দেয়া হয়েছে। স্থগিত করা হয়েছে গণপরিবহন।

কম্পিউটার ও মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাইক্রোচিপের হাজার হাজার দোকান নিয়ে ব্যস্ত এলাকা হুয়াকিয়াংবেই। ফুতিয়ান জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, বাধ্যতামূলক চার দিনের লকডাউনের অধীনে রাখা তিনটি এলাকার মধ্যে এটি একটি।

স্থানীয় বাসিন্দাদের কভিড পরীক্ষা ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে, প্রয়োজনে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করাতে হবে।

আরো জানানো হয়, সুপারমার্কেট, ফার্মেসি ও হাসপাতাল ছাড়া সংক্রমণ এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। রেস্তোরাঁর বসে খাওয়া যাবে না, তবে পার্সেল নেওয়ার অনুমতি রয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয়। পরের বছরের শুরুর দিকে সারা বিশ্বে ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। তবে কভিড নিয়ন্ত্রণে বরাবরই কঠোর ব্যবস্থা নিয়েছে চীন। এখনো বিশ্বের শেষ দেশগুলোর মধ্যে একটি, যেখানে কঠোর শূন্য-কভিড বিধি প্রয়োগ হচ্ছে। ব্যাপক ডিজিটাল নজরদারি, গণ পরীক্ষা, কোয়ারেন্টাইন ও লকডাউনের উপর নির্ভর করছে চীন।

আন্তর্জাতিকভাবে প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত শেনঝেনের জনসংখ্যা ১ কোটি ৮০ লাখের বেশি। গতকাল মঙ্গলবার এখানে ১১টি উপসর্গবিহীন কেসসহ ৩৫টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।