ডলারের পরিবর্তে রুশ গ্যাসের মূল্য রুবল ও ইউয়ানে পরিশোধ করবে চীন। আজ বুধবার নতুন এই চুক্তির কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়াত্ত সংস্থা গ্যাজপ্রম। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
মূলত ব্যাংকিং ও বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ডলার, ইউরো ও অন্যান্য মুদ্রার উপর নির্ভরশীলতা কমাতে চাইছে রাশিয়া। এ নিয়ে কিছুদিন ধরে মিত্র ও প্রতিপক্ষদের উপর চাপ দিয়ে আসছে দেশটি। ইউক্রেনে আক্রমণের প্রেক্ষিতে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার পর থেকে এই চেষ্টা চালাচ্ছে মস্কো।
বর্তমানে চীন ও অন্যান্য অ-পশ্চিমা দেশের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে জোর দিচ্ছে রাশিয়া। বিশেষ করে নিজেদের হাইড্রোকার্বন পণ্যের জন্য নতুন বাজার খুঁজছে।
গ্যাজপ্রমের সিইও অ্যালেক্সেই মিলার বলছেন, রুবল ও ইউয়ানে লেনদেন গ্যাজপ্রম ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন দুই পক্ষের জন্যই উপকারী।
চুক্তিটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণ হয়ে উঠবে বলে মনে করেন তিনি। এমনকি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে বাড়তি উদ্দীপনা হিসেবে একে দেখছেন।
এই পদক্ষেপকে সত্যিকারের ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুরো উদ্যোগ নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি গ্যাজপ্রম। কখন ডলার থেকে রুবেল ও ইউয়ানে লেনদেন পরিবর্তিত হবে তাও জানায়নি।
চলতি বছরের শুরুর দিকে ইউরোপের ক্রেতাদের গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খুলতে ও রুবলে জ্বালানির মূল্য দিতে বাধ্য করেছিল রাশিয়া। চুক্তির শর্ত মানতে অনিচ্ছুক কিছু প্রতিষ্ঠান ও দেশে সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
ইউক্রেন আক্রমণের একদিন আগে চীনে গ্যাস সরবরাহের জন্য ৩ হাজার ৭৫০ কোটি ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল রাশিয়া। যাকে ওই সময় যুগান্তকারী হিসেবে চিহ্নিত করা হয়।
২০১৯ সালের শেষ দিকে সাইবেরিয়া থেকে ৩ হাজার কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস রফতানি শুরু করে রাশিয়া৷









