চলতি বছরের শেষ দিকে ভিয়েতনাম ও ভারতের মধ্যে ১৩টি নতুন রুট চালু করবে ভিটজেট এভিয়েশন। ভিয়েতনামের বাজেট এয়ারলাইনসটি বহরে এয়ারবাসের আরো এ৩৩০ উড়োজাহাজ যুক্ত করারও পরিকল্পনা করেছে।

রয়টার্সের খবর অনুসারে, সেপ্টেম্বরের শুরু থেকে ডিসেম্বরের মধ্যে চালু করা নতুন রুটগুলো ভিয়েতনামের প্রধান শহর ও পর্যটন দ্বীপ ফু কোককে আহমেদাবাদ, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, নয়াদিল্লি ও মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করবে।

ভিটজেটের ভাইস প্রেসিডেন্ট নগুয়েন থান সন বলেন, আমরা এখন ভারতে ফ্লাইট সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছি। এ রুটে অবসর সময় কাটানো এবং ব্যবসায়িক ভ্রমণ উভয়ের চাহিদা বেড়ে গিয়েছে।

বর্তমান এয়ারলাইনসটি ভিয়েতনাম-ভারতে চারটি রুট পরিচালনা করে। এ ফ্লাইটগুলো হ্যানয় ও হো চি মিন সিটিকে নয়দিল্লি ও মুম্বাইয়কে সংযুক্ত করেছে। ভিটজেট প্রায় ১০০টি রুটে ৮০টি এয়ারবাস উড়োজাহাজের বহর পরিচালনা করে। বহন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আরো এ৩৩০ ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এয়ারলাইনসটির বহরে বর্তমানে দুটি ইজারা নেয়া এ৩৩০ জেট রয়েছে।

এ সংখ্যাকে অন্তত ১০টিতে উন্নীত করতে চায় ভিটজেট। যদিও এ নিয়ে সংস্থাটির পক্ষ থেকে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।