চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সমন্বিত নিট মুনাফা ১৭ হাজার ৯৫৫ কোটি রুপিতে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় ভারতীয় সংস্থাটির এ মুনাফা ৪৬ দশমিক ৩ শতাংশ বেশি।

দ্য প্রিন্টের প্রতিবেদন অনুসারে, রিলায়েন্সের আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ২ লাখ ২৩ হাজার ১১৩ কোটি রুপিতে উন্নীত হয়। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির আয় ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৭২ কোটি রুপি।

এ বিষয়ে রিলায়েন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি বলেন, ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি বাজারে প্রতিবন্ধকতা বিদ্যমান ছিল। পাশাপাশি এতে করে বাণিজ্যিক প্রবাহও ব্যাহত হয়েছে। জ্বালানি চাহিদা অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল। জ্বালানি খাতে চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যবসার গতি বেশ ভালো ছিল। আমাদের ভোক্তা প্লাটফর্মগুলোর অগ্রগতির বিষয়ে আমি খুশি।

এদিকে রিলায়েন্সের ডিজিটাল পরিষেবায় ভোক্তাদের সংখ্যাও বেড়েছে। ভারতীয়দের জন্য তথ্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে জিও। ভারতের জ্বালানি খাতেও বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ রিলায়েন্স।