ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে গতকাল যোগ দিয়েছেন মো. তৌহিদুল আলম খান। ব্যাংক খাতে ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার এর আগে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তী সময়ে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকে সিবিও, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশীয় ব্যাংকগুলোর মধ্যে তার নেতৃত্বেই প্রথম শরিয়াহ্ভিত্তিক সিন্ডিকেশন বিনিয়োগ চুক্তি ও সূচনাকালে সবচেয়ে বড় সিন্ডিকেশন টার্ম লোন সম্পাদনের মাধ্যমে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। তিনি আইসিএমএবির একজন ফেলো সদস্য ও বাংলাদেশের প্রথম সনদধারী সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাসিউরার (সিএসআরএ)।
মো. তৌহিদুল আলম খান তার লেখনীর স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সম্মেলনে অবদান রেখেছেন। —বিজ্ঞপ্তি









