রাশিয়া ছাড়তে যাচ্ছে নরওয়ের জ্বালানি তেল ও গ্যাস জায়ান্ট ইকুইনর। আজ শুক্রবার তারা এই ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ইকুইনর হতে যাচ্ছে ইউক্রেনে আক্রমণ শুরুর পর মস্কো থেকে পুরোপুরি ও নিয়মতান্ত্রিকভাবে সরে যাওয়া কোনো আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। খবর রয়টার্স।

নরওয়ের জ্বালানি ও গ্যাসের ৭০ শতাংশ উৎপাদন করে ইকুইনর। গত ২৮ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণকে অগ্রহণযোগ্য অভিহিত করে রাশিয়া ছাড়ার ইঙ্গিত দেয় সংস্থাটি। এরপর মার্চে ইকুইনর রাশিয়ায় তেলের ব্যবসা বন্ধের কথা জানায়। মে মাসে যৌথ উদ্যোগ থেকে সরে আসার চুক্তি ঘোষণা করে।

শুধু ইকুইনর নয়, আরো বেশ কয়েকটি সংস্থা মস্কো ছাড়ার অপেক্ষায় রয়েছে। সপ্তাহের শুরুতে এক্সন মবিল রাশিয়ার কর্মকর্তাদের জানিয়ে দেয়, তেল ও গ্যাস প্রকল্প থেকে তাদের সরে যেতে না দিলে মামলার আশ্রয় নেবে।

কিছুদিন আগে ফ্রান্সের টোটালএনার্জিস রাশিয়ায় সম্পদ ধরে রাখার জন্য দেশে সমালোচনার মুখোমুখি হয়। গত ২৬ আগস্ট এক ঘোষণায় সংস্থাটি জানায়, স্থানীয় অংশীদার নোভেটেকের কাছে সাইবেরিয়ান গ্যাস ক্ষেত্রের অংশীদারত্ব বিক্রি করতে সম্মত হয়েছে তারা।

এ ছাড়া রাশিয়া ছাড়ার পরিকল্পনা জানিয়েছে শেল ও বিপি। তবে তারা প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি এখনো।