পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় কমেছে ৬৯ দশমিক ৩৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১০ কোটি ৪৪ লাখ টাকা, আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৪ কোটি ৬ লাখ টাকা। কোম্পানির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আফতাব অটোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ১১ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪ টাকা ৯১ পয়সা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের (উদ্যোক্তা পরিচালক বাদে) জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আফতাব অটোমোবাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ডিজিটাল প্লাটফর্মে আজ দুপুর ১২টায় এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ১৯ ডিসেম্বর।
আফতাব অটোমোবাইলসের সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ব্যাংকের কাছে কোম্পানিটির দায় ও হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ ঘোষণা করেছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ স্টক লভ্যাংশ সব ধরনের শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে কোম্পানিটি। এর বাইরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরে ১ টাকা ৯৪ পয়সা শেয়ারপ্রতি লোকসান হয়েছিল কোম্পানিটির। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৪ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৭ টাকা ৮৯ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আফতাব অটোমোবাইলস। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৭ টাকা ৮৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬০ টাকা ২০ পয়সা।
এর আগে ২০১৯-২০ ও ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭-১৮ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৫৩ কোটি ৫৪ লাখ টাকা। মোট শেয়ার ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২৯ দশমিক ৩২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক ৬৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার আফতাব অটোর শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩০ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৪ টাকা ৫০ পয়সা ও ৩৭ টাকা।









