তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে মোহাম্মদ সাইদুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে তিনি এ দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি কোম্পানিটির উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছিলেন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির এমডি এসএম ইন্তেখাব আলমকে সাময়িক বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) পরিচালিত বিশেষ পরিদর্শনে অনিয়মের তথ্য উঠে আসায় তাকে বরখাস্তসহ একাধিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৯ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)।









