সম্প্রতি ওয়ান মেডিকেল কিনে নেয়ার পরিকল্পনা করেছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন। মার্কিন সংবাদ সংস্থা এপির বরাতে জানা যায়, প্রায় ৩৯০ কোটি ডলারে ওয়ান মেডিকেল কিনে নেয়ার একটি চুক্তি করা হচ্ছে। এ পদক্ষেপের মাধ্যমে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা ব্যবসা সম্প্রসারণ করছে।

সম্প্রতি সিয়াটেলভিত্তিক ই-কমার্স জায়ান্টটি জানিয়েছে, শেয়ারপ্রতি ১৮ ডলার মূল্যে ওয়ান মেডিকেল কিনে নেয়া হবে। এটি প্রতিষ্ঠানটির অন্যতম বৃহত্তম ক্রয়চুক্তি। এর আগে ২০১৭ সালে ১ হাজার ৩৭০ কোটি ডলারে হোল ফুডস কিনেছিল অ্যামাজন। এছাড়া ৮৫০ কোটি ডলারে হলিউড স্টুডিও এমজিএম কিনে নেয় প্রতিষ্ঠানটি। তবে এ বছর তা বন্ধ হয়ে যায়।

সান ফ্রান্সিসকোভিত্তিক ওয়ানলাইফ হেলথকেয়ার মূলত ওয়ান মেডিকেলের প্যারেন্ট কোম্পানি। মেম্বারশিপভিত্তিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে ওয়ান মেডিকেল। ভার্চুয়ালিও পরিষেবা দেয় সংস্থাটি। বর্তমানে আট হাজারেরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ওয়ানলাইফ হেলথকেয়ারের মালিকানাধীন সংস্থাটি। এ বছরের মার্চ পর্যন্ত ওয়ান মেডিকেলের মোট সদস্য সংখ্যা ৭ লাখ ৬৭ হাজারে দাঁড়িয়েছে। এছাড়া ১৮৮টি মেডিকেল অফিস রয়েছে সংস্থাটির। চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৫ কোটি ৪১ লাখ ডলার আয়ের বিপরীতে প্রতিষ্ঠানটির নিট লোকসান দাঁড়ায় ৯ কোটি ৯ লাখ ডলার।

এ বিষয়ে অ্যামাজনের স্বাস্থ্য পরিষেবা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিল লিন্ডসে এক বিবৃতিতে বলেন, অ্যাপয়েন্টমেন্ট বুকিংসহ বিভিন্ন ধরনের পরিষেবা সহজ ও আধুনিক করতে চুক্তিটি করা হয়েছে।

কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব হলে টেলিমেডিসিন ও ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবার চাহিদার উল্লম্ফন ঘটে। এর জের ধরে বর্তমানেও এ খাতে ভার্চুয়াল পরিষেবার চাহিদা অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।

এদিকে কর্মীদের বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে স্বাস্থ্য পরিষেবার ব্যয়ও। করোনা প্রকোপ-পরবর্তী বিশ্বের নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির হার। নিয়োগকর্তা ও বীমাকারীদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে বড় ধরনের কোনো রোগের জটিলতা থেকে নিস্তার পাওয়া সম্ভব। পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়ার মোটা অংকের অর্থও সাশ্রয় হবে।

ওয়ান মেডিকেল কিনে নেয়া অ্যামাজনের জন্য নতুন দ্বার উন্মোচন হবে। এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা খাতে আরো এক ধাপ এগিয়ে গেল অ্যামাজন। এর আগে ২০১৮ সালে ৭৫ কোটি ডলার মূল্যে অনলাইন ফার্মেসি পিলপ্যাক কিনে প্রতিষ্ঠানটি। এতে করে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ অনলাইনে বা ফোনে ক্রয়ের আদেশ দিতে পারেন ভোক্তারা।

এ বিষয়ে গ্লোবাল ডাটা রিটেইলের ব্যবস্থাপনা পরিচালক নিল সন্ডারস বলেন, স্বাস্থ্য পরিষেবা খাতে অ্যামাজনের পদচারণা খুবই প্রত্যাশিত। জটিল হলেও স্বাস্থ্য পরিষেবা খাত বেশ আকর্ষণীয়। অ্যামাজনকে প্রচুর কাজ করতে হবে। পাশাপাশি উদ্ভাবনমূলক কাজও করতে হবে।