মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা এসএম শফিকুল ইসলাম মামুন ব্যাংকটির ২ লাখ ১৯ হাজার ৫৪৬টি শেয়ার বিক্রি করেছেন। গত ১৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২২ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ টাকা ৮৮ পয়সা। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫ টাকা ৫১ পয়সা।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৩৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৯৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।









