বিশ্বের বৃহত্তম অফশোর বায়ুবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হয়েছে। যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূল থেকে প্রায় ৮৯ কিলোমিটার দূরে অবস্থিত হর্নসি-২ কেন্দ্রটি ১৪ লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। ১ দশমিক ৩ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটিতে ১৬৫টি টারবাইন রয়েছে। হর্নসি-২ ও ১ কেন্দ্রটি পাশাপাশি। ১ দশমিক ২ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন হর্নসি-১ ছিল বিশ্বের বৃহত্তম অফশোর বায়ুবিদ্যুৎকেন্দ্র। দুটি বায়ুবিদ্যুৎকেন্দ্রই নির্মাণ করেছে ডেনিশ জ্বালানি সংস্থা অরস্টেড। দুটি কেন্দ্র একসঙ্গে প্রায় ২৫ লাখ ব্রিটিশ পরিবারকে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করতে পারে। অরস্টেডের মতে, ৪৬২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হর্নসি ২। কেন্দ্রটিতে ৮১ মিটার দীর্ঘ সিমেন্স গেমসা টারবাইন ব্যবহার করা হয়েছে। অরস্টেডের ইউকে অঞ্চলের প্রধান ডানকান ক্লার্ক বলেন, বর্তমান বৈশ্বিক ঘটনাগুলো হর্নসি-২-এর মতো যুগান্তকারী নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলোর গুরুত্ব আরো বেশি বাড়িয়ে তুলেছে। নিরাপদ জ্বালানি সরবরাহ ও স্থিতিস্থাপকতা বাড়াতে এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আমরা যুক্তরাজ্যকে সহায়তা করছি। সিএনবিসি