যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি বিক্রি সাড়ে ছয় বছরের সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছে। উচ্চ বন্ধকী ঋণের হার এবং নাগরিকদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে দেশটিতে বাড়ি বিক্রিতে পতন হয়েছে। খবর সিএনবিসি।
গত মাসে দেশটিতে ৫ লাখ ১১ হাজার ইউনিট বাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৬ শতাংশ কম। এর আগে জুনে দেশটিতে ৫ লাখ ৮৫ হাজার ইউনিট নতুন বাড়ি বিক্রি হয়েছে।
সামগ্রিকভাবে কমে গেলেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বাড়ি বিক্রি বেড়েছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা নতুন বাড়ি বিক্রি ৫ লাখ ৭৫ হাজার ইউনিটে নামার পূর্বাভাস দিয়েছিলেন। দেশটিতে নতুন বাড়ি বিক্রি মোট বিক্রির ৯ দশমিক ৬ শতাংশ। দেশটিতে নতুন ও পুরনো মিলিয়ে জুলাইয়ে বাড়ি বিক্রি কমেছে ২৯ দশমিক ৬ শতাংশ। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে বাড়ি বিক্রি রেকর্ড সর্বোচ্চ ৯ লাখ ৯৩ হাজার ইউনিটে পৌঁছেছিল। ওই সংখ্যা ছিল ২০০৬ সালের পর সর্বোচ্চ।









