ম্যাসমার্টের বেশির ভাগ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক খুচরা জায়ান্ট ওয়ালমার্ট ইনকরপোরেশন। কোম্পানিটির বাকি শেয়ারগুলোও ১৩৪ কোটি র‍্যান্ড বা ৭ কোটি ৯০ লাখ ডলারে কিনতে এরই মধ্যে প্রস্তাব দিয়েছে কোম্পানি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দক্ষিণ আফ্রিকার এক খুচরা বিক্রেতার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ম্যাসমার্টের প্রতিটি শেয়ারের জন্য ওয়ালমার্ট ৬২ র‍্যান্ড অফার করেছে। ২০১০ সালে ম্যাসমার্টের ৫১ শতাংশ কিনে নেয় ওয়ালমার্ট। গত এক দশক ম্যাসমার্টের ব্যবসা কার্যক্রম বাড়াতে ওয়ালমার্ট সহায়তা করেছে। এ সময়ে ভোক্তাদের ইলেকট্রনিকস এবং ঘরে ব্যবহূত পণ্যসামগ্রী ক্রয় হ্রাসসহ বিভিন্ন কারণে ম্যাসমার্টের ব্যবসায়িক কার্যক্রম ধীর ছিল। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নেয় ম্যাসমার্ট। অগুরুত্বপূর্ণ সম্পত্তি বিক্রি, গেম স্টোর থেকে সতেজ খাবার সরিয়ে দেয়া এবং গ্রুপের বিভিন্ন অংশে খরচ কমানোর মতো বিভিন্ন পদক্ষেপ নেয়।

তবে এ পরিবর্তনের পরিকল্পনাটি অনেক বাধার সম্মুখীন হয়। প্রাথমিকভাবে ২০২০ সালের শুরুতে কভিড-১৯ মহামারী, ২০২১ সালে নাগরিক অস্থিরতায় প্রধান ইনভেন্টরি লাইনের কার্যক্রম ও সরবরাহ চেইন কমে যায়। পাশাপাশি দুর্বল ভোক্তা চাহিদা হ্রাসও পরিকল্পনাটিতে বাধা সৃষ্টি করে।

বাকি শেয়ারগুলো ক্রয়ের প্রস্তাব চূড়ান্ত হলে ব্যবসায়ের টার্নঅ্যারাউন্ড বজায় রাখতে ওয়ালমার্টের চলমান আর্থিক এবং অপারেশনাল সহায়তার প্রয়োজনীয় অ্যাকসেস প্রদান করা হবে বলেও জানায় ম্যাসমার্ট।

আফ্রিকার ১৩টি দেশে ৪০৩টি খুচরা এবং পাইকারি স্টোর রয়েছে ম্যাসমার্টের। সম্প্রতি আফ্রিকাভিত্তিক এ রিটেইল জায়ান্টটি জানায়, গত ২৬ জুন অব্যবহিতপূর্ব ২৬ সপ্তাহে তাদের নিট লোকসান হয়েছে ৯০ কোটি ৫৩ লাখ র‍্যান্ড বা ৫ কোটি ৩১৮ লাখ ডলার। বিপরীতে আগের বছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ৩৫ কোটি ৮৫ লাখ র‍্যান্ড।