সম্প্রতি বেঙ্গালুরু থেকে মুম্বাই পর্যন্ত ফ্লাইট চালু করেছে আকাসা এয়ার। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ সপ্তাহে ১৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
৭ আগস্ট ফ্লাইট পরিচালনা শুরু করে আকাসা এয়ার। মুম্বাই-আহমেদাবাদ, বেঙ্গালুরু-কোচি ও বেঙ্গালুরু-মুম্বাই এ তিন রুটে ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ৩০ আগস্ট থেকে বেঙ্গালুরু-মুম্বাই রুটে আরো একটি ফ্লাইট পরিষেবা চালু করা হবে। আগামী ১৯ সেপ্টম্বর থেকে একই রুটে আরো একটি ফ্লাইট চালু করা হবে। এছাড়া ১০ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরু-চেন্নাই রুটে একটি ফ্লাইট পরিষেবা চালুু করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ সপ্তাহে ১৫০টি ফ্লাইট পরিচালনার লক্ষ্য নেয়া হয়েছে।
এরই মধ্যে মুম্বাই, আহমেদাবাদ, কোচি, বেঙ্গালুরু ও চেন্নাই এ পাঁচ শহরে মোট ছয়টি রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে আকাসা এয়ার। বর্তমানে উড়োজাহাজ পরিবহন সংস্থাটির তিনটি উড়োজাহাজ রয়েছে। দুই সপ্তাহ অন্তর বহরে একটি করে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এতে আগামী বছরের মার্চের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির বহরে মোট উড়োজাহাজের সংখ্যা হবে ১৮।









