ইউক্রেনে আগ্রাসনের জের ধরে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন বহুজাতিক কোম্পানি রাশিয়ার বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় ব্যবসা গোটায় জনপ্রিয় পানীয় কোকা-কোলার নির্মাতা প্রতিষ্ঠান কোকা-কোলা কোম্পানিও।
রয়টার্সের খবর অনুসারে, এবার অন্য নামে যৌথ উদ্যোগে নতুন পণ্য বাজারজাত করতে যাচ্ছে কোকা-কোলা এইচবিসি বা কোকা-কোলা হেলেনিক বটলিং কোম্পানি। রাশিয়ার বাজারে বিক্রির জন্য এ পানীয়ের নাম দেয়া হয়েছে ডবরি কোলা।
ডবরি হলো রাশিয়ার একটি ফলের রসের ব্র্যান্ড। স্থানীয় এ ব্র্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করতে যাচ্ছে কোকা-কোলা এইচবিসি। এক বিবৃতিতে কোকা-কোলা এইচবিসি জানিয়েছে, নতুন যৌথ উদ্যোগের কোম্পানির সঙ্গে কোকা-কোলা করপোরেশন বা কোকা-কোলার কোনো সম্পর্ক নেই।
কোকা-কোলা এইচবিসিতে কোকা-কোলা কোম্পানির ২৩ শতাংশ শেয়ার রয়েছে।
যুদ্ধের শুরুতে কোকা-কোলা বাজার ছেড়ে চলে গেলে পানীয়টির স্থানীয় প্রতিদ্বন্দ্বীরা তাদের পণ্য দিয়ে বাজার দখলের সব ধরনের চেষ্টা শুরু করে। এরই মধ্যে বাজারে এল ডবরি কোলা।









