বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ফোর্ড। কাঁচামাল ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

রয়টার্সের খবর অনুসারে, ২০২৩ মডেল বছরের এফ-১৫০ লাইটনিংয়ের মূল্য ভেরিয়েন্ট অনুযায়ী ৬ হাজার থেকে ৮ হাজার ৫০০ ডলার পর্যন্ত বাড়ানো হবে। যেসব গ্রাহক এরই মধ্যে গাড়িটির ক্রয়াদেশ দিয়ে রেখেছেন এবং সরবরাহ পাওয়ার অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে নতুন দাম কার্যকর হবে না বলে জানিয়েছে ফোর্ড। ২০২৩ এফ-১৫০ লাইটনিংয়ের দাম এখন ৪৭-৯৭ হাজার ডলার পর্যন্ত। যেখানে ২০২০ মডেল বছরের গাড়িগুলোর দাম ৪০-৯২ হাজার ডলার পর্যন্ত। ফোর্ড জানিয়েছে, চলতি বছর পণ্য খরচ ৪০০ কোটি ডলার বাড়বে। এ অবস্থায় এফ-১৫০ পিকআপের দাম বাড়িয়ে উচ্চ ব্যয় মোকাবেলার চেষ্টা করা হচ্ছে।

উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় টেসলা, রিভিয়ান ও জেনারেল মোটরসের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও দাম বাড়িয়ে দিয়েছে। গতকাল পুনরায় ক্রয়াদেশ দেয়ার প্রক্রিয়া শুরুর আগেই দাম বাড়ানোর ঘোষণা দেয় ফোর্ড। এর আগে দুই লাখ ইউনিটের পর ক্রয়াদেশ নেয়া স্থগিত করেছিল সংস্থাটি।