জানুয়ারিতে বৈশ্বিক প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। চীন নভেল করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় দেশটিতে চাহিদা ও উৎপাদন গতি ফিরে পেয়েছে, যা বৈশ্বিক উৎপাদন বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে বৈশ্বিক অ্যালুমিনিয়াম উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৬ হাজার টনে। এর মধ্যে শুধু চীনেই উৎপাদন হয়েছে ৩৪ লাখ ৪০ হাজার টন, যা বৈশ্বিক উৎপাদনের অর্ধেকেরও বেশি। 

চীন ছাড়া এশিয়ার অন্যান্য দেশে উৎপাদন হয়েছে ৩ লাখ ৯০ হাজার টন অ্যালুমিনিয়াম। এছাড়া রাশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলোয় ৩ লাখ ৪৪ হাজার টন, পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলো ২ লাখ ৩০ হাজার, জিসিসিভুক্ত দেশে ৫ লাখ ২৪ হাজার, আফ্রিকা মহাদেশে ১ লাখ ৪৩ হাজার, উত্তর আমেরিকায় ৩ লাখ ২১ হাজার, দক্ষিণ আমেরিকায় ১ লাখ ২৩ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। অনিবন্ধিত উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৬০ হাজার টন।