গত প্রান্তিকে ব্যবসা খারাপ করায় ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে যাচ্ছে ক্রেডিট সুইস। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ব্যাংকার বলেন, সুইস ব্যাংকটির সাম্প্রতিক পারফরম্যান্স খুব খারাপ, কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। ব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদ নতুন, ব্যাপক ব্যয়সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের দিকে এগোচ্ছে।

বর্তমানে পরিচালন ব্যয় ব্যাংকটির আয়ের সম্ভাবনাকে হুমকিতে ফেলবে বলে মন্তব্য করেন অন্য এক নির্বাহী।

ব্যয় সংকোচনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বুধবার দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশের সময় এ পরিকল্পনা শেয়ার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জুনেই সুইস ব্যাংকটি জানিয়েছিল, দ্বিতীয় প্রান্তিকে লোকসানের আশঙ্কা তাদের। এমনটা হলে এ নিয়ে তৃতীয় মাসের মতো লোকসান গুনবে ক্রেডিট সুইস।

ডাটা সরবরাহকারী সংস্থা রেফিনিটিভের পূর্বাভাস, এপ্রিল-জুন প্রান্তিকে ৪০ কোটি সুইস ফ্রা বা ৪১ কোটি ৪০ লাখ ডলার লোকসান গুনবে সুইজারল্যাল্ডের দ্বিতীয় বৃহৎ ব্যাংকটি।