বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী ট্রেনের বহর চালু করেছে জার্মানি। এগুলো দেশটির লোয়ার স্যাক্সনি প্রদেশের ১৫টি ডিজেলচালিত ট্রেনের পরিবর্তে চলাচল শুরু করেছে।
লোয়ার স্যাক্সনিতে সম্প্রতি চালু হওয়া ১৪টি ট্রেন জ্বালানির জন্য ফুয়েল সেল ব্যবহার করে। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদিত হওয়া এ প্রক্রিয়ায় কেবল জলীয়বাষ্প ও পানি বের হয়। প্রদেশটির গভর্নর স্টেফান ওয়েইল বলেন, ৯ কোটি ৩০ লাখ ইউরোর প্রকল্পটি অর্থনীতিকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় একটি সাফল্য। ফরাসি কোম্পানি আলস্টমের নির্মিত ট্রেনগুলো পরিচালনা করে স্থানীয় রেল প্রতিষ্ঠান। এসব ট্রেন প্রদেশটির উত্তরের শহর কুক্সহেভেন, ব্রেমারহেভেন, ব্রেমারভোর্দে ও বুক্সতেহুডের মধ্যবর্তী রুটে চলাচল করছে। আলস্টম জানিয়েছে, কোরাডিয়া ইলিন্ট নামের ট্রেনগুলোর এক ট্যাঙ্ক হাইড্রোজেন দিয়ে এক হাজার কিলোমিটার চলতে পারে। ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিলোমিটার পর্যন্ত। এপি









