কভিডজনিত বিধিনিষেধ শিথিলের পর থেকেই সৌদি আরবে আন্তর্জাতিক যাত্রীসংখ্যা ঊর্ধ্বমুখী। চলতি বছরের প্রথমার্ধে এ সংখ্যা বেড়ে তিন গুণ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ন্যাশনাল নিউজের খবর অনুসারে, ওমরাহ ও দীর্ঘ দূরত্বের চাহিদা পুনরুদ্ধার হওয়ায় উপকৃত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশনের স্ট্র্যাটেজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আল খুরাইসি বলেন, বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোয় আন্তর্জাতিক যাত্রী পারাপারের সংখ্যা ১ কোটি ৬৬ লাখে পৌঁছেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ৪৫ লাখে ছিল। আন্তর্জাতিক যাত্রীসংখ্যা প্রাক-কভিড স্তরের প্রায় ৭০ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি বলেন, অভূতপূর্ব গতিতে সৌদি এভিয়েশন খাত এগিয়ে যাচ্ছে। উড়োজাহাজ পরিবহন খাতের লক্ষ্য অর্জনে আমরা যে অগ্রগতি করছি তার দুর্দান্ত সংকেত এটি। আন্তর্জাতিক যাত্রীসংখ্যা শিগগিরই প্রাক-মহামারী স্তরকে ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সৌদি এভিয়েশন স্ট্র্যাটেজি অনুসারে, ২০৩০ সালের মধ্যে বার্ষিক যাত্রী ট্রাফিক তিন গুণ করে ৩৩ কোটিতে উন্নীত করার লক্ষ্য দেশটির। পাশাপাশি দেশটি গন্তব্যের সংখ্যা বর্তমানের ৯৯ থেকে ২৫০টি। সঙ্গে নতুন রাষ্ট্রীয় এয়ারলাইনস প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে।
জুলাইয়ে সৌদির বিমানবন্দরগুলো যাত্রী ট্রাফিকের রেকর্ড গড়েছে। এ সময়ে যাত্রী পারাপার ২০১৯ সালের জুলাইয়ের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। হজযাত্রীর কারণে এ রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ আল খুরাইসি।









