অবশেষে স্পিরিট এয়ারলাইনস কেনার চুক্তিতে পৌঁছেছে জেটব্লু। কয়েকবার অধিগ্রহণের প্রস্তাবমূল্য বাড়ানোর পর ৩৮০ কোটি ডলারে এ চুক্তি সম্পন্ন হচ্ছে। এটি মার্কিন এয়ারলাইনস শিল্পে প্রতিযোগিতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এপির খবর অনুসারে, সম্প্রতি মার্কিন দুই এয়ারলাইনসের এ চুক্তির মাধ্যমে গত এপ্রিলে শুরু হওয়া অধিগ্রহণের প্রস্তাবমূল্যের যুদ্ধ শেষ হয়েছে। এর মাধ্যমে স্পিরিট ও জেটব্লু প্রায় ৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থা হয়ে উঠবে।
স্পিরিট কেনার ক্ষেত্রে জেটব্লুর সামনে এখন একমাত্র প্রতিবন্ধকতা মার্কিন বিচার বিভাগ। নিয়ন্ত্রকরা আগে থেকেই একীভূতকরণের সমালোচনা করে আসছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে প্রতিযোগিতা সীমিত হয়ে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন। এরই মধ্যে দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়া ঠেকাতে বিচার বিভাগ একটি মামলাও করেছে। তবে ভাড়া কমানোর ক্ষেত্রে পুরনো খ্যাতি এবং যৌথ উদ্যোগ বড় এয়ারলাইনসগুলোকে বাধ্য করতে পারে—এ যুক্তিতে ছাড় পেয়ে যেতে পারে জেটব্লু।









