চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের কর-পরবর্তী নিট লোকসান আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওইমেক্স ইলেকট্রোডের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৮১২ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৬৬২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়ায় ২ টাকা ৯২ পয়সায়। 

২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ওইমেক্স ইলেকট্রোডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮ পয়সা।