২০২২ সালের প্রথম ছয় মাসে থাইল্যান্ডে ফরেন বিজনেস অ্যাক্টের (এফবিএ) অনুমোদিত বিদেশী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ৭৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ব্যাংকক পোস্টের খবর অনুসারে, সরকারের বিনিয়োগ উন্নয়ন নীতির কারণে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে জাপান, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে।
দেশটির ডেপুটি বাণিজ্যমন্ত্রী সিনিত লেরটাকরাই বলেন, ২০২২ সালের প্রথমার্ধে ২৮৪টি বিদেশী বিনিয়োগের আবেদনের অনুমোদন দিয়েছে ফরেন বিজনেস কমিটি। এ সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫৮ শতাংশ বেশি। তবে এ সময়ে মোট বিদেশী বিনিয়োগ ৭৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৯০ কোটি বাতে দাঁড়িয়েছে।
মূলত সেবাপ্রদানকারী ব্যবসা ক্ষেত্রগুলোয় বিনিয়োগ বেড়েছে। কেননা, এসব ক্ষেত্রেই শুধু বিদেশী বিনিয়োগের সুযোগ খোলা রেখেছে থাইল্যান্ড। এসব বিনিয়োগের সবচেয়ে বড় অংশটা এসেছে জাপান থেকে। দেশটি থেকে ২ হাজার ৬২০ কোটি বাতের ৭১টি বিনিয়োগ এসেছে। সিঙ্গাপুর থেকে ১ হাজার ৪০ কোটি বাতের ৫১টি বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের ২৯০ কোটি বাতের ৩৫টি বিনিয়োগ এসেছে।
সিনিত বলেন, আশা করি সরকারি নীতির কারণে বছরের বাকি অর্ধেকেও বিদেশী বিনিয়োগ আসবে এবং এর ফলে দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হবে।









