চলতি বছর আলট্রা ফ্যান ইঞ্জিনের একটি প্রোটোটাইপ পরীক্ষা শুরু করবে রোলস-রয়েস। এটিই বিশ্বের বৃহত্তম টার্বোফ্যান আলট্রা ফ্যান ইঞ্জিন। ব্রিটিশ উড়োজাহাজের ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এটি প্রথম প্রজন্মের ট্রেন্ট ইঞ্জিনের তুলনায় ২৫ শতাংশ বেশি কার্যকর।
রয়টার্সের খবর অনুসারে, যুক্তরাজ্যের ডার্বি শহরে রোলস-রয়েসের হেডকোয়ার্টার অবস্থিত। সেখানে এক সাক্ষাত্কারে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী অ্যান্ড্রু গিয়ার বলেন, প্রোটোটাইপটির একটি ১৪০ ইঞ্চি ডায়ামিটারের ফ্যান রয়েছে। অন্যান্য প্রকল্পের জন্য এ প্রযুক্তিটি তুলনামূলক ছোট হবে। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সন্নিকটে পাঁচ দিনব্যাপী ফার্নবরো এয়ার শো অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন রোলস-রয়েসের প্রধান প্রকৌশলী।
অ্যান্ড্রু গিয়ার জানান, শুধু একটি ইঞ্জিনের জন্য না, বরং কয়েকটি প্রযুক্তির একটি প্লাটফর্ম আলট্রা ফ্যান। এর অনেকগুলো উদ্ভাবন রোলস-রয়েসের বর্তমান প্রকল্পগুলোয়ও ব্যবহার করা যাবে। এ প্রযুক্তিটিতে আছে কার্বন টাইটেনিয়াম ফ্যান ব্লেড। বর্তমানে ট্রেন্টের টাইটেনিয়াম ব্লেডের থেকে এটি তুলনামূলক বেশি কার্যকর। এছাড়া নতুন প্রযুক্তিটিতে ৬৪ মেগাওয়াটের পাওয়ার গিয়ারবক্সও রয়েছে।
তিনি জানান, প্রথম পরীক্ষাটি এয়ার বিপির শতভাগ টেকসই এভিয়েশন জ্বালানি ব্যবহার করবে। এতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ভোজ্য তেল ব্যবহার করা হবে।
এ বিষয়ে রোলস-রয়েসের সিভিল অ্যারোস্পেস বিভাগের প্রেসিডেন্ট ক্রিস চলেরটন বলেন, প্রোটোটাইপটিতে যে প্রযুক্তিটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে, তা আমাদের বর্তমান বহরে উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
গ্যাস টারবাইনের কার্যকরী উন্নয়নের পাশাপাশি রোলস-রয়েস জ্বালানি হিসেবে হাইড্রোজেন ও হাইব্রিড বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানায়, ছোট ও মাঝারি আকারের উড়োজাহাজে হাইড্রোজেন জ্বালানির ব্যবহার নিরাপদ, তার জন্য ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা সফল হলে ২০৩০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে হাইড্রোজেন জ্বালানিচালিত উড়োজাহাজ সরবরাহ করা হবে। এর মধ্যে প্রথম উড়োজাহাজটির এই২১০০ ইঞ্জিনে তরল হাইড্রোজেন ব্যবহার করা হবে। এ বছরই এ পরীক্ষাটি করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এছাড়াও উড়োজাহাজের পার্ল ১৫ ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে তরল হাইড্রোজেন ব্যবহারের কথা রয়েছে। তবে এটি কবে নাগাদ করা হবে, তার নির্ধারিত কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
জলবায়ু পরিবর্তন এড়াতে উড়োজাহাজ নির্মাতা সংস্থাগুলো জীবাশ্ম জ্বালানির বিকল্প ভাবছে। নিরাপদ হাইড্রোজেন জ্বালানির ওপর নির্ভরতা বাড়াচ্ছে সংস্থাগুলো। সে ধারাবাহিকতায় এ পরীক্ষাগুলো পরিচালনার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ অটোমোবাইল ও উড়োজাহাজের ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানটি।









