বোয়িংয়ের নতুন ৭৩৭ ম্যাক্স ৭ মডেলের উড়োজাহাজ চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এফএএর কাছ থেকে ছাড়পত্র পাবে বলে আশা করছে কোম্পানিটি। ২০২৩ সালের প্রথমার্ধেই বোয়িং বাজারে আনতে চায় বড় আকারের ম্যাক্স ১০ মডেলের উড়োজাহাজ। এর আগে ম্যাক্স ৭ প্রত্যয়নপত্র পাবে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স।

উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির গ্রাহকরাও এ বছর থেকেই বাহন সরবরাহ পাবে বলে প্রত্যাশা করছে। যেমন কোম্পানিটির বড় গ্রাহক সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, চলতি বছরই ম্যাক্স ৭ মডেলের সাতটি উড়োজাহাজ সরবরাহ পাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে উড়োজাহাজ দুটির ককপিটে সতর্কতা-সংক্রান্ত কিছু সমস্যার সমাধানে এফডিএ সময় বেঁধে দিয়েছিল বোয়িংকে। প্রতিষ্ঠানটির প্রডাক্ট মার্কেটিং স্পেশালিস্ট জন ডায়সন বলেন, আইনপ্রণেতা ও নিয়ন্ত্রকদের সঙ্গে আলোচনা চলছে। বোয়িংয়ের বাহনগুলো যেন একই ধরনের ক্রু অ্যালার্ম সিস্টেম ব্যবহার করতে পারে তা নিশ্চিতের জন্য সময়সীমা কিছুটা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।