বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ক্যাটাগরি বিদ্যমান ‘এ’ থেকে ‘বি’তে অবনমন হয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় ক্যাটাগরির অবনমন হয়। আজ থেকে এটি কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ২৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৭ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়াপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।









